Headlines

ডিজিপি কার্যালয়ের সামনে বামপন্থী যুব-ছাত্রদের বিক্ষোভ, রানীরখামার কাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৩ জুন: রানীরখামার মেডিকেল কলেজে এক যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চাঞ্চল্যের আবহের মধ্যেই শুক্রবার আগরতলায় পুলিশ মহা-নির্দেশক (ডিজিপি) কার্যালয়ের সামনে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বামপন্থী যুব ও ছাত্র সংগঠনগুলি। কর্মসূচিতে অংশ নেয় এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিওয়াইএফআই-এর নেতা-কর্মীরা।বিক্ষোভ মঞ্চ থেকে সংগঠনগুলির পক্ষ থেকে অভিযোগ করা হয়, রানীরখামার মেডিকেল কলেজের যুবতীর মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের পরিবর্তে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। বক্তব্য রাখতে গিয়ে বামপন্থী যুবনেতা নবারুণ দেব দাবি করেন, ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের আগেই আমতলী মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) ঘটনাটিকে আত্মহত্যা বলে অভিহিত করেছেন, যা তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।তিনি অভিযোগ করেন, এই ধরনের মন্তব্য তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এবং প্রকৃত সত্য উদঘাটনের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। তাই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার দাবি জানান তিনি।বক্তব্যে নবারুণ দেব আরও বলেন, রাজ্যে নেশা কারবারের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের ভূমিকা যথেষ্ট কার্যকর নয়। তাঁর অভিযোগ, মাদক চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অভাবে যুব সমাজ বিপথগামী হচ্ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।এছাড়াও আনন্দনগর স্কুলের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি বলেও দাবি তোলেন বিক্ষোভকারীরা।বিক্ষোভ কর্মসূচি থেকে রানীরখামার মেডিকেল কলেজের যুবতীর মৃত্যুর ঘটনাসহ উত্থাপিত সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী সংগঠনগুলির আন্দোলন রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন তদন্ত কোন দিকে এগোয় এবং প্রশাসন অভিযোগগুলির জবাবে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর রাজ্যবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *