Headlines

বুথ চলো অভিযানে’ চাকমাঘাটে বিকাশ দেববর্মা, রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের আশ্বাস

খোয়াই, ১৩ জুন: বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে চলমান ‘বুথ চলো অভিযান’-এর অংশ হিসেবে শনিবার ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৮ নম্বর বুথ কমিটির উদ্যোগে চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের চাকমাঘাট এলাকায় এক বুথ সভার আয়োজন করা হয়। সভাকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, ২৯ কৃষ্ণপুর মণ্ডলের সহ-সভাপতি গোপাল দাস, খোয়াই জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার-সহ বিজেপির একাধিক নেতৃত্ব।সভায় এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নেন মন্ত্রী বিকাশ দেববর্মা। স্থানীয় বাসিন্দারা পানীয় জল, রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন দৈনন্দিন সমস্যার কথা তাঁর সামনে তুলে ধরেন। মন্ত্রী মনোযোগ সহকারে সেইসব বিষয় শোনেন এবং সমস্যাগুলির দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, চাকমাঘাট এলাকার পরিকাঠামোগত উন্নয়নের জন্য প্রায় দুই কোটি টাকা ব্যয়ে একটি পাকা রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের পানীয় জলের সমস্যারও দ্রুত সমাধান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সিপিআই(এম) সরকারের আমলে চাকমাঘাট এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণে পর্যাপ্ত উদ্যোগ দেখা যায়নি। বর্তমান বিজেপি সরকার গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলেও দাবি করেন তিনি।স্থানীয়দের মতে, জনসমস্যা নিয়ে জনপ্রতিনিধিদের এই ধরনের সরাসরি আলোচনা ও মতবিনিময় এলাকার উন্নয়ন পরিকল্পনাকে আরও গতিশীল করতে সহায়ক হবে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ‘বুথ চলো অভিযান’-এর মাধ্যমে যেমন সংগঠনের ভিত আরও মজবুত করার চেষ্টা চলছে, তেমনই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।বুথভিত্তিক সাংগঠনিক কার্যক্রম এবং জনসংযোগ বৃদ্ধির এই কর্মসূচিকে ঘিরে আগামী দিনেও বিভিন্ন এলাকায় অনুরূপ সভা আয়োজন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *