আগরতলা, ১৩ জুন: সাধুর বেশে প্রতারণার চাঞ্চল্যকর ঘটনা সামনে এল আগরতলা শহরে। খাবারের জন্য সাহায্য চাওয়ার অজুহাতে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের দুই ব্যক্তির বিরুদ্ধে। তবে সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে অভিযুক্তদের খুঁজে বের করে শেষ পর্যন্ত পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেন প্রতারিত যুবক শুভজিৎ রায় চৌধুরী।জানা গেছে, উত্তরপ্রদেশের দুই ব্যক্তি সাধুর বেশে শহরের রাস্তায় ঘোরাফেরা করছিলেন। তারা শুভজিৎ রায় চৌধুরীর কাছে এসে খাবারের জন্য ১০০ টাকা সাহায্য চান। মানবিক দিক বিবেচনা করে শুভজিৎ তাদের ১০০ টাকা দেন। এর বদলে ওই দুই ব্যক্তি তাকে একটি তাবিজ উপহার দেন এবং নিজেদের অলৌকিক ক্ষমতার কথা বলতে শুরু করেন।অভিযোগ, কিছুক্ষণ পর ওই তথাকথিত সাধুরা শুভজিৎকে জিজ্ঞাসা করেন তার মানিব্যাগে কত টাকা রয়েছে। তাদের কথায় বিশ্বাস করে তিনি মানিব্যাগের টাকা দেখালে কৌশলে সেই টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণ পর তিনি উপলব্ধি করেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।এরপর আর সময় নষ্ট না করে অভিযুক্তদের খুঁজতে আগরতলা শহরের বিভিন্ন এলাকায় অনুসন্ধান শুরু করেন শুভজিৎ। দীর্ঘ খোঁজাখুঁজির পর রবীন্দ্র ভবনের সামনে তিনি ওই দুই ব্যক্তিকে শনাক্ত করে আটক করতে সক্ষম হন। পরে সঙ্গে সঙ্গে পশ্চিম থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেয়।পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তির আধার কার্ডে উত্তরপ্রদেশের আগ্রা জেলার ঠিকানা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ধরনের প্রতারণার সঙ্গে তারা আরও জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পশ্চিম থানার পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে শহরবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। অপরিচিত ব্যক্তির প্রলোভন বা অলৌকিক ক্ষমতার দাবিতে বিশ্বাস না করে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।
তাবিজের ফাঁদে প্রতারণা! আগরতলায় ভণ্ড সাধুকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন যুবক
