মোহনপুর প্রতিনিধি | মোহনপুর, ১৩ জুন:স্পেশাল ব্রাঞ্চের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে সিধাই থানার অন্তর্গত মনতলা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযানে এক নেশা কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, সিমনা বিধানসভা এলাকার মনতলায় অবস্থিত একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক আশীষ দাশগুপ্তের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুলিশ, স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), সিআরপিএফ এবং বিএসএফের যৌথ বাহিনী অংশ নেয়।অভিযান চলাকালীন বাড়ি থেকে একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড জীবন্ত কার্তুজ এবং বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য সামনে এসেছে। প্রাথমিকভাবে ৭৫ কেজি গাঁজার কথা উল্লেখ করা হলেও পুলিশি সূত্রে ৪১ কেজি শুকনো গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।ঘটনায় বাড়ির মালিক তথা অভিযুক্ত উত্তম দে-কে গ্রেফতার করা হয়। শনিবার তাঁকে আগরতলার এনসিসি থানার মাধ্যমে মোহনপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয়েছে।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক আশীষ দাশগুপ্ত জানান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে একাধিক দিক গুরুত্ব সহকারে যাচাই করা হচ্ছে।তিনি আরও বলেন, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে এবং এ ধরনের অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যৌথ বাহিনীর এই অভিযানে বড় ধরনের মাদক ও অস্ত্র চক্রের হদিস মিলতে পারে বলে মনে করছে তদন্তকারী সংস্থাগুলি।
“স্পেশাল ব্রাঞ্চের তথ্যে বড়সড় সাফল্য! পিস্তল-কার্তুজ-গাঁজাসহ গ্রেফতার উত্তম দে”
