বিশ্রামগঞ্জ বাজারে দিনের আলোয় ঘটে গেল চাঞ্চল্যকর চুরির ঘটনা। ভিক্ষা চাইতে এসে এক ব্যক্তি দোকানের কাউন্টার থেকে প্রায় ২৮ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ বাজারের পরিচিত মোবাইল শোরুম ‘মাহি এন্টারপ্রাইজ’-এ।দোকান সূত্রে জানা গেছে, দোকানের মালিক শুভম দেবনাথের প্রতিষ্ঠানে ওই ব্যক্তি ভিক্ষার উদ্দেশ্যে প্রবেশ করে। সেই সময় দোকানের কর্মীরা নিজেদের কাজে ব্যস্ত থাকায় সুযোগ বুঝে কাউন্টারে রাখা একটি Nothing 3A Live মোবাইল ফোন নিয়ে সেখান থেকে দ্রুত সরে পড়ে অভিযুক্ত।পরবর্তীতে দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনাটি সামনে আসে। ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে, কীভাবে অভিযুক্ত ব্যক্তি কৌশলে মোবাইলটি তুলে নিয়ে দোকান থেকে বেরিয়ে যায়।দোকানের কর্মচারী প্রসেনজিৎ মজুমদার সংবাদমাধ্যমকে জানান, ঘটনার বিষয়ে বিশ্রামগঞ্জ থানায় অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি পুলিশকে সিসিটিভি ফুটেজও তুলে দেওয়া হয়েছে, যাতে দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা যায়।এই ঘটনায় বিশ্রামগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
ভিক্ষা চাইতে এসে ২৮ হাজার টাকার মোবাইল উধাও! বিশ্রামগঞ্জের দোকানে ধরা পড়ল চুরির কৌশল
