Headlines

“রাস্তার ক্ষোভে দলবদল! ঊনকোটিতে ৪৫ পরিবারের ৮৫ ভোটারের কংগ্রেসে যোগদান”

কৈলাশহর, ১৫ জুনঃ দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে দলবদলের নজির দেখা গেল ঊনকোটি জেলার এডিসি এলাকার পিজেপি কলোনিতে। উন্নয়নের দাবিতে বাম, বিজেপি ও তিপ্রামথা ত্যাগ করে প্রায় ৪৫টি পরিবারের ৮৫ জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেছেন বলে দাবি কংগ্রেস নেতৃত্বের।জানা গেছে, ঊনকোটি এডিসি ভিলেজের ১ নম্বর ওয়ার্ডের পিজেপি কলোনির বাসিন্দাদের প্রধান জীবিকা সুপারি ও জুম চাষের উপর নির্ভরশীল। কিন্তু এলাকার একমাত্র ইটসলিং রাস্তার বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ স্থানীয়দের।গ্রামবাসীদের দাবি, দীর্ঘ বাম শাসনকাল থেকে শুরু করে বর্তমান বিজেপি সরকারের গত আট বছরেও রাস্তার উন্নয়নে কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি ও শাসকদলের নেতৃত্বের কাছে রাস্তা সংস্কারের আবেদন জানানো হলেও তাঁদের সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ।অবশেষে ক্ষুব্ধ হয়ে বাম, বিজেপি ও তিপ্রামথা দল ত্যাগ করে ৪৫টি পরিবারের মোট ৮৫ জন ভোটার কংগ্রেসে যোগদান করেন। সোমবার বিকেল প্রায় তিনটা নাগাদ আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেস নেতৃত্ব।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিৎ সিনহা, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান-সহ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা নবাগতদের স্বাগত জানিয়ে এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস দেন।এই দলবদলকে কেন্দ্র করে ঊনকোটির রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, মৌলিক পরিষেবার অভাব ও দীর্ঘদিনের অনুন্নয়নই এই রাজনৈতিক পরিবর্তনের অন্যতম কারণ। তবে বিষয়টি নিয়ে বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *