উদয়পুর, ১৫ জুনঃ পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া দেশজুড়ে হকার উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উদয়পুর রেলস্টেশনে বিক্ষোভ কর্মসূচি পালন করল সিটু (CITU) উদয়পুর মহকুমা কমিটি। পরে স্টেশন মাস্টারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।সোমবার উদয়পুর রেলস্টেশন প্রাঙ্গণে সিটুর ডাকে শ্রমিক ও হকাররা একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের হাতে ছিল বিভিন্ন দাবিদাওয়া সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন। তাঁদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা স্টেশন চত্বর।বিক্ষোভকারীদের মূল দাবিগুলির মধ্যে ছিল— পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করে কোনওভাবেই হকার উচ্ছেদ করা যাবে না, উচ্ছেদের নামে হকারদের দিনের পর দিন হয়রানি বন্ধ করতে হবে এবং কলকাতায় হকার উচ্ছেদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।পরে একটি প্রতিনিধিদল উদয়পুর রেলস্টেশনের স্টেশন মাস্টারের হাতে স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সিটু উদয়পুর মহকুমা সম্পাদক প্রদীপ সাহা, সভাপতি কুরপান খাদিম, শ্রমিক নেতা দেবাশীষ ধর চৌধুরী, বিজয় চক্রবর্তী, সুকান্ত ভুইয়া, কাকলী ঘোষ এবং আনিস আহমেদ চৌধুরী-সহ অন্যান্য নেতৃবৃন্দ।সিটু নেতৃত্বের বক্তব্য, হকাররা দীর্ঘদিন ধরে শহর ও জনজীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে আসছেন। তাঁদের জীবিকা ও পরিবারের ভবিষ্যতের কথা বিবেচনা না করে উচ্ছেদ অভিযান চালানো মানবিক নয়। পুনর্বাসন নিশ্চিত করে তবেই যে কোনও পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা।এই কর্মসূচির মাধ্যমে হকারদের জীবন-জীবিকা রক্ষায় বৃহত্তর আন্দোলনের বার্তাও তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে সংগঠন।
“‘পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়’— হকারদের দাবিতে উদয়পুর রেলস্টেশনে সিটুর বিক্ষোভ”
