Headlines

“নদীর জল ঢুকছে চাষের জমিতে, প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না সমাধান! ক্ষোভে ফুঁসছেন কৃষকরা”

বিশালগড়, ১৫ জুনঃ দুই মাস আগে কালবৈশাখীর ঝড়ে নদীতে ভেঙে পড়া বিশাল বাঁশঝাড় এখনও অপসারণ না হওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন উত্তর চড়িলাম ফকিরামুড়া এলাকার কৃষকরা। তাঁদের অভিযোগ, বিষয়টি একাধিকবার প্রশাসনের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল ঝড়ের সময় নদীর ধারে থাকা একটি বড় বাঁশঝাড় ভেঙে নদীর মধ্যে পড়ে যায়। ফলে নদীর স্বাভাবিক জলপ্রবাহ বাধাপ্রাপ্ত হয়ে দিক পরিবর্তন করে কৃষিজমির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে এলাকার বহু কৃষকের চাষযোগ্য জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, নদীর জল জমিতে ঢুকে পড়ায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কেউ কেউ ইতিমধ্যেই আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে আরও বড় ক্ষতির মুখে পড়তে হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।অভিযোগ, গত দুই মাস ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে বিষয়টি জানানো হলেও সমস্যার সমাধানে কোনও উদ্যোগ দেখা যায়নি। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার কৃষকরা। তাঁদের বক্তব্য, কৃষিকাজই তাঁদের একমাত্র জীবিকা। অথচ সেই জীবিকা রক্ষার ক্ষেত্রে প্রশাসনের উদাসীনতা তাঁদের হতাশ করে তুলছে।ক্ষুব্ধ কৃষকদের দাবি, অবিলম্বে নদীতে পড়ে থাকা বাঁশঝাড় অপসারণ করে নদীর স্বাভাবিক জলপ্রবাহ ফিরিয়ে আনতে হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত সহায়তা প্রদান করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তাঁরা।এখন দেখার, কৃষকদের এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে প্রশাসন কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কীভাবে সহায়তা প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *