Headlines

এসসি সম্প্রদায়ের উন্নয়নে বড় উদ্যোগের ইঙ্গিত, সোনার তরীতে উচ্চপর্যায়ের বৈঠক

আগরতলা, ১৬ জুন: তপশিলি জাতিভুক্ত (এসসি) সম্প্রদায়ের মানুষের কল্যাণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার আগরতলার সোনার তরী রাজ্য অতিথিশালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং দপ্তরের সচিব দীপা ডি নায়ার। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন।সূত্রের খবর, বৈঠকে তপশিলি জাতিভুক্ত সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন, সহায়তার পরিধি বৃদ্ধি এবং বিদ্যমান ভাতার পরিমাণ বাড়ানোর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে শিক্ষা, সামাজিক সুরক্ষা, আর্থিক সহায়তা এবং কল্যাণমূলক প্রকল্পগুলিকে আরও কার্যকরভাবে কীভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়েও মতবিনিময় হয়।এছাড়া এসসি সম্প্রদায়ের সার্বিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন, নতুন উদ্যোগ গ্রহণ এবং বিদ্যমান প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।বৈঠকে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন যে, সমাজের পিছিয়ে পড়া অংশের উন্নয়নে সমন্বিত ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই তপশিলি জাতিভুক্ত মানুষের কল্যাণে আরও ফলপ্রসূ উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে।সংশ্লিষ্ট মহলের মতে, এই বৈঠকের আলোচনার ভিত্তিতে আগামী দিনে এসসি সম্প্রদায়ের জন্য নতুন কিছু সিদ্ধান্ত ও জনমুখী উদ্যোগ গ্রহণ করা হতে পারে, যা তাদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *