নিজস্ব প্রতিনিধি, সিধাই, ১৬ জুন:জুমের জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ এবার ভয়াবহ রূপ নিল হেজামারা বালুয়াছড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে অন্তত ৬ রাউন্ড গুলি চালানো হয়, যার জেরে আতঙ্কিত হয়ে অনেকেই প্রাণভয়ে জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হন। ঘটনার পর নিরাপত্তার দাবিতে সিধাই থানার দ্বারস্থ হন বালুয়াছড়ার বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা যায়, মৃত সম্প্রাই দেববর্মার দখলে থাকা প্রায় ১৫ কানি জুমের জমি জবরদখলের চেষ্টা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ, এই জমিকে কেন্দ্র করে স্থানীয় শঙ্কর দেববর্মা, রবি দেববর্মা, সুনীল দেববর্মাসহ কয়েকজনের সঙ্গে বালুয়াছড়া এলাকার বাসিন্দাদের বিরোধ সৃষ্টি হয়। এলাকাবাসীর দাবি, বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসার একাধিক চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয় এবং উল্টো আলোচনার নামে ডেকে নিয়ে কয়েকজনকে মারধর করা হয়।অভিযোগ, সোমবার রাতে পরিস্থিতি চরমে পৌঁছায়। শঙ্কর দেববর্মার নেতৃত্বে অভিযুক্তরা এলাকায় এসে নির্বিচারে গুলি চালায়। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। নারী-শিশুসহ বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়ে জঙ্গলের দিকে ছুটে যান বলে দাবি স্থানীয়দের।ঘটনার প্রতিবাদে বালুয়াছড়া এলাকার বাসিন্দারা শঙ্কর দেববর্মা, রবি দেববর্মা, সুনীল দেববর্মা, স্বপন দেববর্মাসহ মোট ৬ জনের বিরুদ্ধে সিধাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই পুলিশ যথাযথ ব্যবস্থা নিলে পরিস্থিতি এতটা ভয়াবহ আকার ধারণ করত না। তাঁদের দাবি, আরও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে।তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতির ওপর প্রশাসন কড়া নজর রাখছে।
জমি বিবাদে রণক্ষেত্র বালুয়াছড়া! মধ্যরাতে ৬ রাউন্ড গুলির অভিযোগ, নিরাপত্তার দাবিতে থানায় এলাকাবাসী
