নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ জুন :১২তম আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উদযাপনকে সামনে রেখে ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা অংশগ্রহণ করেন।বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা শাসক ও সমাহর্তা মেঘা জৈন (আইএএস), কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলি সহ প্রশাসনের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।আসন্ন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনকে সুষ্ঠু ও সফল করে তুলতে অনুষ্ঠানস্থল নির্বাচন, অংশগ্রহণকারীদের উপস্থিতি নিশ্চিতকরণ, প্রচার-প্রসার, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক যোগ দিবস কেবল একটি আনুষ্ঠানিক উদযাপন নয়; বরং সুস্থ জীবনযাপন, মানসিক প্রশান্তি এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে যোগব্যায়ামের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।প্রশাসনের আশা, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন ঊনকোটি জেলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হবে।
আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে ঊনকোটিতে জোর প্রস্তুতি, জেলা প্রশাসনের বৈঠকে একাধিক সিদ্ধান্ত
