রেগার কাজে বঞ্চনার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে জম্পুইজলা ব্লকের গুলিরাইবাড়ি ভিলেজে। রেগার কাজ না পেয়ে ক্ষোভ উগরে দিলেন ৭০ বছর বয়সী স্বামীহারা বৃদ্ধা রোশনারা খাতুন। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজের আবেদন জানিয়েও তাঁকে রেগার কাজে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।বুধবার দুপুরে ক্ষুব্ধ রোশনারা খাতুন বলেন, “মুখ্যমন্ত্রী মহোদয় আমাকে গুলি করে মেরে ফেলুন, কিন্তু কাজ থেকে বঞ্চিত করবেন না।” তাঁর এই আবেগঘন বক্তব্য এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।অভিযোগ উঠেছে, গুলিরাইবাড়ি ভিলেজের জিআরএস সন্ধি রাম দেববর্মা রোশনারা খাতুনকে রেগার কাজে অংশগ্রহণ করতে বাধা দিয়েছেন। এর প্রতিবাদে গ্রামের রেগা শ্রমিকরা একজোট হয়ে সরব হন।শ্রমিকদের স্পষ্ট বক্তব্য, রোশনারা খাতুনকে কাজে নেওয়া না হলে তারাও রেগার কাজে অংশ নেবেন না। তাঁদের দাবি, একজন অসহায় ও প্রবীণ মহিলাকে কাজ থেকে বঞ্চিত করা মানবিক নয় এবং বিষয়টি দ্রুত সমাধান করা উচিত।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শ্রমিকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং রোশনারা খাতুনের জন্য দ্রুত রেগার কাজ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
“রেগার কাজ দিন, নইলে গুলি করে মারুন” — জম্পুইজলায় বৃদ্ধার আর্তনাদে ক্ষোভে ফুঁসছেন শ্রমিকরা
