সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন নতুন বাজার এলাকায় প্রেমঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, বিয়ের কয়েকদিনের মধ্যেই এক নববধূ তার দীর্ঘদিনের প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর ক্ষুব্ধ হয়ে মেয়ের পরিবারের লোকজন প্রেমিকের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে।স্থানীয় সূত্রে জানা যায়, নতুন বাজার এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন মজুমদারের ছেলে আরিফ হোসেন মজুমদারের সঙ্গে আড়ালিয়া এলাকার এক তরুণীর প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি পরিবারের সিদ্ধান্তে তরুণীর অন্যত্র বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিনের মধ্যেই ওই তরুণী প্রেমিক আরিফের সঙ্গে চলে যান বলে জানা গেছে।এদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তরুণী দাবি করেছেন, আরিফের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং এই ঘটনায় আরিফ বা তার পরিবারের সদস্যদের যেন কোনোভাবে হয়রানি না করা হয়।মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে সোনামুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ আরিফের বাড়িতে তল্লাশি চালালেও প্রেমিক-প্রেমিকার কোনো সন্ধান পায়নি। পরে আরিফের বাবাকে থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়ে পুলিশ ফিরে যায়।এর কিছুক্ষণ পরেই গভীর রাতে আরিফের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ। বিল্লাল হোসেন মজুমদারের পরিবারের দাবি, মেয়ের পরিবারের কয়েকজন সদস্য ও সহযোগীরা তাদের একটি গাড়ি এবং খড়ের মুরিলে আগুন লাগিয়ে দেয়।আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় বাসিন্দারা একটি সন্দেহজনক গাড়িকে ধাওয়া করলেও সেটিকে আটক করা সম্ভব হয়নি। পরে জানা যায়, ওই গাড়িতে থাকা ব্যক্তিরাই অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে অভিযোগ উঠেছে।ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একদিকে পুলিশ নিখোঁজ প্রেমিক-প্রেমিকার সন্ধান চালাচ্ছে, অন্যদিকে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ।
প্রেমিকের হাত ধরে নববধূর পলায়ন, ক্ষোভে প্রেমিকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ! উত্তাল সোনামুড়া
