Headlines

রাস্তার দাবিতে ক্ষোভে ফুঁসছে চন্দ্রপুর জামতলা মধ্যপাড়া, কর্পোরেটারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

আগরতলা পুর নিগমের ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চন্দ্রপুর জামতলা মধ্যপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বহুবার আবেদন ও অভিযোগ জানানোর পরও এলাকার রাস্তার উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।স্থানীয়দের দাবি, গত পাঁচ বছরে একটি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ বা সংস্কারের কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন ওয়ার্ডের কর্পোরেটার সোমা মজুমদার। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে।বাসিন্দাদের অভিযোগ, রাস্তার সমস্যার কথা একাধিকবার জানানো হলেও আশানুরূপ সাড়া মেলেনি। বরং সমস্যার সমাধানের পরিবর্তে নানা ধরনের আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি তাদের। বিশেষ করে বর্ষাকালে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে, যার ফলে শিশু, বৃদ্ধ এবং সাধারণ পথচারীদের চলাচলে ব্যাপক সমস্যা দেখা দেয়।পৌর নিগম নির্বাচনের আর কয়েক মাস বাকি থাকতেই এই ইস্যু নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। এলাকাবাসীর একাংশ প্রশ্ন তুলেছেন, দীর্ঘ পাঁচ বছরে একটি ছোট রাস্তার কাজও যদি সম্পন্ন না হয়, তাহলে উন্নয়নের দাবি কতটা বাস্তবসম্মত।যদিও এই অভিযোগের বিষয়ে কর্পোরেটারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত রাস্তা নির্মাণ বা সংস্কারের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, নির্বাচনের আগে নয়, স্থায়ী সমাধানের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *