Headlines

জমি বিবাদে রক্তাক্ত পরিণতি! দুই ভাইয়ের মৃত্যু, গুরুতর আহত একজন

কৈলাশহর, ২০ জুন: জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের জেরে ঊনকোটি জেলার কৈলাশহর মহকুমার চণ্ডিপুর কেন্দ্রের অন্তর্গত ফুলতলী গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদের নাম ময়ূর চাঁদ সিনহা (পেশায় রাজমিস্ত্রি) এবং নীলধ্বজ সিনহা (অবসরপ্রাপ্ত সেনাকর্মী)। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।অভিযোগ, শনিবার সন্ধ্যায় নীলধ্বজ সিনহা বড় ভাই ময়ূর চাঁদ সিনহার বাড়িতে গেলে তাদের মধ্যে বচসা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর জখম হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।ঘটনায় ময়ূর চাঁদ সিনহার ছেলে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।খবর পেয়ে কৈলাশহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে ঊনকোটি জেলার পুলিশ সুপার সুদাম্বিকা আরসহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং ডগ স্কোয়াড ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।পুলিশ মৃত দুই ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার জেরে এলাকায় শোক ও চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে।এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফুলতলী গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃদুল সিনহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *