গর্জি, ২০ জুন: মেসেঞ্জারে এক গৃহবধূকে আপত্তিকর ছবি ও বার্তা পাঠানোর অভিযোগকে কেন্দ্র করে এক ব্যক্তির উপর হামলার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গর্জি এলাকায়। আহত শুভদীপ কর্মকার বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে রিপন দে নামে এক ব্যক্তি শুভদীপ কর্মকারের স্ত্রীর মোবাইলে আপত্তিকর ছবি ও বার্তা পাঠিয়ে আসছিলেন বলে অভিযোগ। বিষয়টি গৃহবধূ তাঁর স্বামীকে জানালে শুভদীপ কর্মকার অভিযুক্তের কাছে এর ব্যাখ্যা চান। পরে এলাকায় একটি ক্লাবে বিষয়টি নিয়ে সালিশি বৈঠকেরও আয়োজন করা হয়।তবে বৈঠকে কোনো সন্তোষজনক সমাধান না হওয়ায় শুভদীপ কর্মকার বিষয়টি স্থানীয় অভিভাবকদের জানাতে উদ্যোগী হন। অভিযোগ, এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন রিপন দে। শুক্রবার সন্ধ্যায় রিপন দে ফোন করে শুভদীপ কর্মকারকে স্থানীয় বাজারে ডেকে নিয়ে যান বলে অভিযোগ।সেখানে পূর্বপরিকল্পিতভাবে শুভদীপ কর্মকারের উপর লোহার রড দিয়ে হামলা চালানো হয় বলে পরিবারের দাবি। হামলায় রিপন দে-র সঙ্গে কৃষ্ণ দাস নামে আরও এক ব্যক্তি জড়িত ছিলেন বলেও অভিযোগ উঠেছে।গুরুতর আহত অবস্থায় শুভদীপ কর্মকারকে দ্রুত টেপানিয়া এলাকার গোমতী জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।এদিকে আক্রান্ত পরিবারের পক্ষ থেকে গর্জি ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
“স্ত্রীকে অশ্লীল ছবি-মেসেজ পাঠানোর প্রতিবাদ, বাজারে ডেকে স্বামীর উপর রড হামলার অভিযোগ!”
