শান্তিরবাজার, ২২ জুন: শান্তিরবাজার মহকুমার বগাফা রোডের পূর্বপাড়া এলাকায় রাবার চুরির অভিযোগে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, একটি রাবার দোকান থেকে চুরি করা রাবার বিক্রির চেষ্টা করার সময় এক অটোচালকের তৎপরতায় ওই যুবককে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন।অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ঘটনায় ক্ষুব্ধ কিছু মানুষ অভিযুক্তকে মারধর করেন এবং তাকে অপদস্থ করারও চেষ্টা করা হয়। পরে শান্তিরবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই যুবককে উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম সৌমিত্র রিয়াং। তিনি অমরপুরের পাহাড়পুর এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি সম্প্রতি একটি নেশামুক্তি কেন্দ্র থেকে বেরিয়ে এসেছিলেন। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ অভিযুক্তকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাকে থানায় নিয়ে গিয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শুরু করা হয়েছে।এদিকে, সাম্প্রতিক চুরির ঘটনাগুলিকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বাজার ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাবার চুরি করতে গিয়ে ধরা, গণধোলাইয়ের পর মাথা মুড়িয়ে পুলিশের হাতে সৌমিত্র
