Headlines

জামাই ষষ্ঠীর আনন্দে ছেদ! তেলিয়ামুড়া স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত জামাতা

তেলিয়ামুড়া, ২২ জুন: জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ রক্ষা করতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন বিশালগড়ের এক ব্যক্তি। রবিবার তেলিয়ামুড়া রেলস্টেশনে ট্রেন থেকে নামার সময় পা পিছলে রেলের চাকার সংস্পর্শে এসে গুরুতর জখম হন সত্যব্রত দেবনাথ।জানা গেছে, জামাই ষষ্ঠী উপলক্ষে শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা থেকে ধর্মনগরগামী ট্রেনে যাত্রা করেছিলেন সত্যব্রত দেবনাথ। নির্ধারিত সময়ে ট্রেনটি তেলিয়ামুড়া স্টেশনে পৌঁছলে তিনি নামার চেষ্টা করেন। সেই সময় আচমকাই ভারসাম্য হারিয়ে প্ল্যাটফর্মে পড়ে যান এবং তাঁর একটি পা রেলের চাকার সংস্পর্শে চলে আসে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।ঘটনার পর মুহূর্তেই স্টেশন চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। উপস্থিত যাত্রীরা আহত ব্যক্তিকে উদ্ধারে এগিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া দমকল বিভাগের কর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর তাঁকে উদ্ধার করে প্রথমে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানান, তাঁর পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি পন্ত (জিবিপি) হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে দুর্ঘটনার সময় তাঁর স্ত্রী ও সন্তান অক্ষত রয়েছেন বলে জানা গেছে।জামাই ষষ্ঠীর মতো পারিবারিক উৎসবের দিনে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। একইসঙ্গে এই দুর্ঘটনা আবারও চলন্ত ট্রেন থেকে ওঠানামার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের গুরুত্বকে সামনে এনে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *