মোহনপুর, ২২ জুন: ১৩ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির উদ্যোগে বামুটিয়ার পশ্চিম ফটিকছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাজালঘাট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম–২০২৬’। গ্রামীণ উন্নয়ন, যুবসমাজের ক্ষমতায়ন এবং আত্মনির্ভরশীল গ্রাম গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক ধৃতি শেখর রায়। তিনি তাঁর বক্তব্যে শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, সামাজিক সচেতনতা এবং গ্রামীণ এলাকার সামগ্রিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যুবক-যুবতীদের এনসিসিতে যোগদানের মাধ্যমে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত, বাজালঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত দেববর্মা এবং বিশিষ্ট সমাজসেবী শিবেন্দ্র দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ১৩ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির কমান্ডিং অফিসার কর্নেল এন. এস. বাথ, এনসিসি কর্মকর্তা ও ক্যাডেট, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় বাসিন্দারা।কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য শিবির, বসে আঁকো প্রতিযোগিতা এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রাক্তন জওয়ানদের সংবর্ধনা প্রদান করা হয় এবং বসে আঁকো প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠান উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। এই কর্মসূচির সফল বাস্তবায়নে সহযোগিতা করে মোহনপুর মহকুমা প্রশাসন, পশ্চিম ফটিকছড়া গ্রাম পঞ্চায়েত এবং বাজালঘাট উচ্চ বিদ্যালয়।গ্রামীণ উন্নয়ন ও যুবসমাজকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
বামুটিয়ায় এনসিসির ‘ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম-২০২৬’, উন্নয়ন ও যুবশক্তির বার্তা
