খোয়াই, ২২ জুন: আগামী ২৪ জুন ঘোষিত সড়ক আন্দোলনকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে আত্মসমর্পণকারী সংগঠনগুলির নেতৃত্ব। সোমবার খোয়াই জেলার হাতাইকতর বড়মোড়া এলাকায় আন্দোলনের স্থান পরিদর্শন করেন জে এ সি (JAC) এবং জে এ আর সি (JRC)-এর নেতৃত্ব।সংগঠনের কনভেনার জীবন জয় রিয়াংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আন্দোলনস্থল পরিদর্শন করে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। জানা গেছে, সংগঠন দুটির পক্ষ থেকে দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন সকাল ৬টা থেকে সড়কপথে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।পরিদর্শনকালে জীবন জয় রিয়াং জানান, আত্মসমর্পণকারী সদস্যদের পুনর্বাসন, প্রতিশ্রুত সুযোগ-সুবিধা প্রদান এবং অন্যান্য দাবি পূরণের বিষয়টি নিয়ে বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও স্থায়ী সমাধান মেলেনি। তাই বাধ্য হয়েই আন্দোলনের পথে নামতে হচ্ছে বলে তিনি দাবি করেন।আন্দোলনকে সফল করতে সংগঠনের সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় এবং কর্মসূচি চলাকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।উল্লেখ্য, ২৪ জুনের এই আন্দোলনকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় প্রশাসনের নজরদারিও বাড়ানো হয়েছে। আন্দোলনের ফলে সড়ক যোগাযোগে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তবে আন্দোলনকারীরা দাবি করেছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন তারা।
২৪ জুনের অবরোধ ঘিরে প্রস্তুতি তুঙ্গে, হাতাইকতরে আন্দোলনস্থল পরিদর্শনে জীবন জয় রিয়াং
