খার্চি মেলাকে ঘিরে প্রস্তুতি বৈঠকে এবার প্রকাশ্যে চলে এল খয়েরপুরের রাজনৈতিক দ্বন্দ্ব। বৈঠকে গত বছরের খার্চি মেলার আয়োজন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। তিনি অভিযোগ করেন, গতবারের আয়োজনে একাধিক ত্রুটি ও সমন্বয়ের অভাব ছিল, যার ফলে প্রত্যাশিত মান বজায় রাখা সম্ভব হয়নি।বিশ্বজিৎ শীলের বক্তব্যের পরই পাল্টা জবাব দেন খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী। তিনি গত বছরের আয়োজনের পক্ষে সওয়াল করে বলেন, সীমিত সময় ও নানা চ্যালেঞ্জের মধ্যেও সফলভাবেই মেলার আয়োজন করা হয়েছিল। পাশাপাশি তিনি বর্তমান প্রস্তুতির দিকে নজর দেওয়ার আহ্বান জানান।দুই নেতার এই প্রকাশ্য বাকবিনিময় বৈঠকে উপস্থিতদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে। খার্চি মেলার মতো ঐতিহ্যবাহী উৎসবের প্রস্তুতি বৈঠকে এমন রাজনৈতিক মতপার্থক্য প্রকাশ্যে আসায় খয়েরপুরের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।আগামী খার্চি মেলার আয়োজন কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং এই দ্বন্দ্বের প্রভাব কতটা পড়ে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।
খয়েরপুরে বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে! খার্চি মেলার বৈঠকে মুখোমুখি বিশ্বজিৎ শীল ও রতন চক্রবর্তী
