পশ্চিম ত্রিপুরার মোহনপুর ব্লকে নবায়নযোগ্য শক্তি প্রকল্প পরিদর্শনে এসে ত্রিপুরা সরকারের উদ্যোগের ভূয়সী প্রশংসা করল কেন্দ্রীয় প্রতিনিধিদল। মঙ্গলবার নবায়নযোগ্য শক্তি (NRE) মন্ত্রক, ভারত সরকারের প্রতিনিধিরা সারডুবিয়া গ্রাম পঞ্চায়েত ও রাঙ্গাছড়া এলাকায় বিভিন্ন সৌরশক্তি ভিত্তিক প্রকল্প ঘুরে দেখেন।পরিদর্শনকালে প্রতিনিধিদল প্রধানমন্ত্রী কুসুম (PM-KUSUM) প্রকল্পের কম্পোনেন্ট-বি ও কম্পোনেন্ট-সি-এর আওতায় স্থাপিত সৌরচালিত সেচ পাম্প এবং NABARD-এর সহায়তায় বাস্তবায়িত নবায়নযোগ্য শক্তি প্রকল্পগুলি পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করে প্রকল্পগুলির কার্যকারিতা, উপকারিতা এবং কৃষিক্ষেত্রে এর বাস্তব প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।প্রকল্পগুলির সফল বাস্তবায়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা দেখে প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করে। পরে তারা রাঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্মীয়মাণ ৮০ কিলোওয়াট পিক (kWp) ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন।এছাড়াও বিভিন্ন স্থানে স্থাপিত সৌর হাইমাস্ট আলোকায়ন ব্যবস্থাও পরিদর্শন করা হয়। প্রতিনিধিদল জানান, নবায়নযোগ্য শক্তির প্রসার ও পরিবেশবান্ধব উন্নয়নে ত্রিপুরা সরকারের উদ্যোগ প্রশংসনীয়। তাদের মতে, এ ধরনের প্রকল্প গ্রামীণ এলাকার টেকসই উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিচ্ছন্ন শক্তির ব্যবহার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মোহনপুরে নবায়নযোগ্য শক্তি প্রকল্পে মুগ্ধ কেন্দ্রীয় প্রতিনিধিদল, ত্রিপুরার উদ্যোগের ভূয়সী প্রশংসা
