ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ৭৩তম বলিদান দিবস উপলক্ষে সিপাহীজলা জেলার দক্ষিণ অংশের উদ্যোগে এবং সোনামুড়া মণ্ডলের সহযোগিতায় মেলাঘর পৌর পরিষদের কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন।আলোচনা সভার পূর্বে উপস্থিত নেতৃবৃন্দ ড. শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তাঁর আদর্শ, জীবনদর্শন এবং ‘এক দেশ, এক বিধান, এক নিশান’-এর সংকল্প নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের সভাপতি প্রসেনজিৎ ঘোষ এবং সোনামুড়া মণ্ডল সভাপতি শুভ্রজিৎ দাস। তাঁরা ড. মুখার্জির জাতীয়তাবাদী চিন্তাধারা ও দেশের প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের সম্পাদক বিশ্বজিৎ ভৌমিক, সোনামুড়া মণ্ডলের সাধারণ সম্পাদক ঝন্টু বর্মনসহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোনামুড়া মণ্ডল সভাপতি শুভ্রজিৎ দাস বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ ও জীবনসংগ্রামকে সামনে রেখে দলীয় কর্মীদের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং সমাজের কল্যাণে কাজ করে যেতে হবে।
শ্যামাপ্রসাদ মুখার্জির ৭৩তম বলিদান দিবসে সোনামুড়ায় আলোচনা সভা, আদর্শ অনুসরণের আহ্বান
