বিলোনিয়া, ২৩ জুন: বিশ্ব রক্তদাতা দিবস-২০২৬ উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় আয়োজিত হলো এক মেগা রক্তদান শিবির। দক্ষিণ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে এবং অল ত্রিপুরা গভারমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (এটিজিডিএ)-এর সহযোগিতায় মঙ্গলবার বিলোনিয়া স্থিত মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমও) কার্যালয়ে এই মানবিক কর্মসূচির শুভ সূচনা হয়।স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং রক্তদাতাদের অসামান্য অবদানকে সম্মান জানাতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, চিকিৎসক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলাশাসক মোঃ সাজ্জাদ পি এবং দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জ্যোতির্ময় দাস। এছাড়াও জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।রক্তদান শিবিরে বিএসএফ জওয়ান, আইটিআই কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের একমাত্র ছাত্র প্রতিনিধি হিসেবে সুরজিৎ দাস স্বেচ্ছায় রক্তদান করে সকলের প্রশংসা অর্জন করেন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই মেগা রক্তদান শিবিরে ৫০ জনেরও বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন। রক্তদান শেষে সকল অংশগ্রহণকারীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে রক্তদানের মাধ্যমে মানবসেবায় বিশেষ অবদান রাখা কয়েকজন রক্তদাতাকে সংবর্ধনাও প্রদান করা হয়।অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত থেকে কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।এদিন বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বলেন, “রক্তদান মানবতার এক অনন্য সেবা। একজন রক্তদাতার দেওয়া এক ব্যাগ রক্ত একাধিক মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সমাজের সকল সুস্থ ও সচেতন মানুষকে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে।”তিনি এই মহতী উদ্যোগে অংশগ্রহণকারী সকল রক্তদাতাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
বিশ্ব রক্তদাতা দিবসে বিলোনিয়ায় মেগা রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্ত দিলেন ৫০-রও বেশি মানুষ
