Headlines

দলীয় কার্যালয়ের সামনেই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, নীরব দর্শক নেতারা!

আগরতলা, ২৩ জুন: ক্ষমতাসীন বিজেপির অভ্যন্তরে নৈতিক অবক্ষয়ের এক উদ্বেগজনক ঘটনার অভিযোগ সামনে এসেছে। সোমবার রাতে আগরতলা পুর নিগমের (এএমসি) ২৭ নম্বর ওয়ার্ড এলাকায় দলেরই এক সক্রিয় কর্মীকে মারধরের ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ, ২৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আড়ালিয়া স্কুল চৌমুহনির বিজেপি দলীয় কার্যালয়ের সামনে কয়েকজন বিজেপি নেতা ও তাদের অনুগামীদের নেতৃত্বে একদল দুষ্কৃতী ওই কর্মীর উপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রকাশ্য স্থানে আক্রান্ত কর্মীকে বেধড়ক মারধর করা হয়।ঘটনার আরও উদ্বেগজনক দিক হলো, মারধরের সময় ঘটনাস্থলে উপস্থিত দলের কয়েকজন নেতা পুরো ঘটনাটি প্রত্যক্ষ করলেও আক্রান্ত কর্মীকে রক্ষা করতে এগিয়ে আসেননি বলে অভিযোগ উঠেছে। বরং তারা নীরব দর্শকের ভূমিকায় ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।এই ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলের অভ্যন্তরীণ কোন্দল ও শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ঘটনার বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ঘটনার প্রকৃত কারণ এবং এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। প্রশাসন বা দলীয় নেতৃত্বের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া গেলে পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *