দক্ষিণ ত্রিপুরার পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত মাধবনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বেহাল পরিকাঠামো ও অস্বাস্থ্যকর পরিবেশকে কেন্দ্র করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক, ছাত্রছাত্রী এবং স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধান না হওয়ায় শিক্ষা ব্যবস্থার মান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের সীমানাপ্রাচীর না থাকায় বহিরাগতদের অবাধ যাতায়াত চলছে। এমনকি ক্লাসরুমের ভেতরেও গরু-ছাগল বেঁধে রাখার মতো ঘটনাও ঘটছে। বিদ্যালয়ের শৌচাগারগুলো দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে, ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের।বিদ্যালয়ের প্রধান শিক্ষকও সমস্যার কথা স্বীকার করে জানান, সীমানাপ্রাচীর না থাকায় বহিরাগতদের প্রবেশ রোধ করা সম্ভব হচ্ছে না। ফলে স্কুলের শ্রেণিকক্ষ ও শৌচাগার নোংরা হওয়া নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।এছাড়া সামান্য বৃষ্টিতেই শ্রেণিকক্ষে জল ঢুকে পড়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের পানীয় জলের ট্যাঙ্ক দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় দূষিত জলই ছাত্রছাত্রীদের পান করতে হচ্ছে। অভিযোগ, মিড-ডে মিল রান্নার কাজেও একই জল ব্যবহার করা হচ্ছে, যা স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। প্রধান শিক্ষকের কক্ষের দরজাও দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে।স্থানীয়দের দাবি, একটি সরকারি বিদ্যালয়ের এমন করুণ অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ছাত্রছাত্রীদের নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষার স্বার্থে অবিলম্বে শিক্ষা দপ্তর এবং প্রশাসনের হস্তক্ষেপ করে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা উচিত।
বেহাল মাধবনগর স্কুল! ক্লাসরুমে গরু-ছাগল, নোংরা পানীয় জল নিয়ে ক্ষোভ
