বিশালগড়, ২৬ জুন: পরিবেশ সংরক্ষণ এবং মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে বিশালগড় বন বিভাগ ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘গাঁজা হটাও, গাছ লাগাও’ সচেতনতামূলক অভিযান।এই উপলক্ষে বিশালগড় মোটর স্ট্যান্ড থেকে বিশালগড় থানা পর্যন্ত একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিতে বন ও পুলিশ বিভাগের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন স্তরের কর্মী, বিশালগড় বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।র্যালি শেষে বাজার এলাকার ব্যবসায়ী ও পথচারীদের হাতে ফলজ, বনজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। উপস্থিত আধিকারিকরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সকলকে সবুজায়নের আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক, মহকুমা বন আধিকারিক ঈশান লাল, জেলা বন বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকসহ পুলিশ ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি পরিবেশ রক্ষায় সবুজায়ন বৃদ্ধি এখন সময়ের অন্যতম প্রয়োজন। তাই ‘গাঁজা হটাও, গাছ লাগাও’ কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা হচ্ছে, অন্যদিকে বৃক্ষরোপণের গুরুত্বও মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশালগড়ের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তাঁদের আশা, মাদকমুক্ত ও সবুজ বিশালগড় গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে।
গাঁজা হটাও, গাছ লাগাও: বিশালগড়ে বন-পুলিশের সচেতনতার বার্তা
