বিশ্রামগঞ্জ, ২৬ জুন: চোরের দৌরাত্ম্য এবার পৌঁছে গেল শ্মশানেও। বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের অন্তর্গত বড়জলা শ্মশানঘাটে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ, গভীর রাতে দুর্বৃত্তরা শ্মশান প্রাঙ্গণে থাকা সোলার লাইটের ব্যাটারি, সোলার প্যানেল (প্লেট) এবং এমনকি লোহার খুঁটিও খুলে নিয়ে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা শ্মশানে এসে এই চুরির ঘটনা দেখতে পেয়ে হতবাক হয়ে পড়েন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনসাধারণের ব্যবহারের জন্য স্থাপিত এই সৌরবিদ্যুৎ ব্যবস্থার গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি হওয়ায় রাতে শ্মশানঘাট সম্পূর্ণ অন্ধকারে ডুবে থাকবে, যা নিরাপত্তার ক্ষেত্রেও বড় উদ্বেগের কারণ।ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। কে বা কারা এই চুরির সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকাবাসীর দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করা হোক এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে শ্মশান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক।
শ্মশানও নিরাপদ নয়! বড়জলায় সোলার লাইট, ব্যাটারি-সহ লোহার খুঁটি চুরি
