আগরতলা, ২৭ জুন: আগরতলার আড়ালিয়া শালবন এলাকায় গতকালের বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। প্রতাপগড় যুব মোর্চার সভাপতি মনিশ চক্রবর্তীর দাবি, ঘটনার নেপথ্যে দীর্ঘদিন ধরে চলা চোলাই মদ ও নেশাজাতীয় দ্রব্যের অবৈধ কারবার জড়িত।অভিযোগ অনুযায়ী, গতকাল রাতে যুব মোর্চার দুই কর্মী বিশ্বজিৎ দেবনাথ ও বিনয় দেবনাথ বাড়ি ফেরার পথে শালবাগ এলাকার একটি মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকটি মোটরসাইকেল সরানোর অনুরোধ করেন। এরপর দোকান থেকে ৪-৫ জন বেরিয়ে এসে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ।এই ঘটনার পর আজ স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এবং পুলিশের সহযোগিতায় ওই মাংসের দোকানে তল্লাশি চালানো হয়। অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে পুলিশ চোলাই মদসহ কিছু নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করেছে বলে জানা গেছে। পাশাপাশি প্রবীর মজুমদার নামে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।বর্তমানে কলেজ টিলা থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে উদ্ধার হওয়া সামগ্রী, অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষ হওয়ার পরই স্পষ্ট হবে।এই ঘটনাকে কেন্দ্র করে আড়ালিয়া শালবন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আড়ালিয়া শালবনে চোলাই মদ-নেশার কারবারের অভিযোগ, পুলিশের তল্লাশিতে উদ্ধার সামগ্রী; আটক ১
