চণ্ডীপুর, ২৭ জুন: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্মান জানাতে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুরের বিবেকানন্দ হলে এক বর্ণাঢ্য কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা-র চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। উপস্থিত ছিলেন চণ্ডীপুর যুব মোর্চার সভাপতি বাবলু দেব, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস পাল, ভারতীয় জনতা পার্টি-র ঊনকোটি জেলা সভাপতি বিমল কর, চণ্ডীপুর মণ্ডল সভাপতি পিন্টু ঘোষসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।এদিন চণ্ডীপুর বিধানসভা এলাকার প্রায় ৩০০ জন এবং কৈলাসহর মহকুমার প্রায় ১০০ জন—মোট প্রায় ৪০০ জন প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের জন্য শুভেচ্ছা জানান। পাশাপাশি সমাজ ও রাজ্যের উন্নয়নে শিক্ষিত যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপরও গুরুত্বারোপ করা হয়।
চণ্ডীপুরে ৪০০ কৃতি পড়ুয়াকে সংবর্ধনা, শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা মন্ত্রী টিংকু রায়ের
