Headlines

জিরানিয়া ল’ কলেজে নারীর অধিকার নিয়ে সেমিনার, সাংবিধানিক ও আইনি সুরক্ষার ওপর জোর

আগরতলা, ২৮ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুরস্থিত জিরানিয়া ল’ কলেজে “ভারতে নারীর অধিকার সংরক্ষণ: সাংবিধানিক, আইনি ও সামাজিক দৃষ্টিভঙ্গি” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কলেজের সেমিনার হলে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা নারীর অধিকার রক্ষায় সংবিধান, প্রচলিত আইন এবং সামাজিক সচেতনতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মিল্টন কুমার আচার্য। অনুষ্ঠানের শুরুতে কলেজের অধ্যক্ষ ড. রাজ কুমার শ্রীবাস্তব কলেজের সম্পাদক ড. বিষ্ণুপদ দাসের শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনান এবং উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের স্বাগত জানান।প্রধান অতিথির বক্তব্যে ড. আচার্য বলেন, ভারতের সংবিধান নারীদের অধিকার সুরক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ বিধান প্রদান করেছে। তিনি সংবিধানের ১৫(৩), ২১, ৩৯ ও ৪২ অনুচ্ছেদের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ আইন, গার্হস্থ্য হিংসা প্রতিরোধ আইন, পণবিরোধী আইন, মাতৃত্বকালীন সুবিধা আইন, মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগন্যান্সি আইন, ভরণপোষণের অধিকার এবং হিন্দু উত্তরাধিকার আইন-সহ নারীদের সুরক্ষায় বিদ্যমান বিভিন্ন আইনি ব্যবস্থার বিষয়ে আলোচনা করেন।তিনি আরও বলেন, ৭৩তম ও ৭৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে স্থানীয় স্বশাসিত সংস্থায় নারীদের সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, নারী শক্তি অধিনিয়মের মাধ্যমে সংসদ ও রাজ্য বিধানসভায় নারীদের সংরক্ষণের বিষয়েও আলোকপাত করেন। তিনি জোর দিয়ে বলেন, শুধু আইন প্রণয়ন নয়, তার কার্যকর বাস্তবায়ন এবং আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি সমানভাবে জরুরি।অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক ড. ডি.পি. গৌতম, ড. সুশীল কুমার এবং সহকারী অধ্যাপিকা মরিয়ম চক্রবর্তীও বক্তব্য রাখেন। তাঁরা নারীর অধিকার, আইনি সুরক্ষা এবং সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।সেমিনারের শেষ পর্বে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় ছাত্রছাত্রীরা নারীদের সাংবিধানিক ও আইনগত অধিকার, আইনি প্রতিকার এবং বর্তমান সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।অনুষ্ঠানের সমাপ্তি পর্বে কলেজের গ্রন্থাগারিক কৃষ্ণা দেব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং সহকারী অধ্যাপিকা সুপর্ণা দেবনাথ ধন্যবাদজ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *