কুমারঘাট, ৩০ জুন: উন্নয়নের দাবি আর রাজনৈতিক ভাষণের ভিড়ে বাস্তবের চিত্র যেন একেবারেই ভিন্ন। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কুমারঘাট মহকুমার ফটিকরায়–কুমারঘাট প্রধান সড়কের বিদ্যাসাগর সেতু সংলগ্ন অংশ। বড় বড় গর্তে ভরা এই সড়ক দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কথা জানানো হলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়েই চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।এমন পরিস্থিতিতে সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন এক ই-রিকশা চালক। জয়দ্বীপ ঘোষ নিজের অর্থ ব্যয় করে এবং নিজেই শ্রম দিয়ে রাস্তার বড় বড় গর্ত ভরাট করেন, যাতে সাধারণ মানুষের চলাচল কিছুটা হলেও নিরাপদ হয়।এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের বক্তব্য, একজন সাধারণ শ্রমজীবী মানুষ যদি নিজের টাকায় সরকারি রাস্তা মেরামত করতে বাধ্য হন, তবে উন্নয়নের দাবির বাস্তবতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। তাঁদের দাবি, উন্নয়ন যেন শুধু নেতা-মন্ত্রীদের বক্তৃতায় সীমাবদ্ধ না থেকে বাস্তবেও দৃশ্যমান হয় এবং দ্রুত বেহাল সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হোক।
সরকার নয়, নিজের টাকায় রাস্তার গর্ত ভরাট করলেন ই-রিকশা চালক!
