সোনামুড়া, ১ জুলাই: দীর্ঘদিন পানীয় জল না পাওয়ার অভিযোগে বুধবার সকালে সিপাহিজলা জেলার কাঠালিয়া ব্লকের দক্ষিণ মহেশপুর এলাকায় সোনামুড়া-বিলোনিয়া সড়ক অবরোধ করেন স্থানীয় মহিলারা। কলসি হাতে বিক্ষোভে সামিল হন তাঁরা। অবরোধের জেরে গুরুত্বপূর্ণ এই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ মহেশপুর পঞ্চায়েত এলাকার একটি অংশে প্রায় এক সপ্তাহ আগে পানীয় জলের পাইপলাইন ফেটে যাওয়ার পর থেকে নিয়মিত জল সরবরাহ বন্ধ রয়েছে। একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ হয়ে বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ রাস্তায় নেমে আসেন এলাকার মহিলারা।বিক্ষোভকারীরা দক্ষিণ মহেশপুর বাইপাস এলাকায় সোনামুড়া-বিলোনিয়া সড়ক অবরোধ করে পানীয় জলের দ্রুত ব্যবস্থা করার দাবি জানান। এর ফলে রাস্তার দুই পাশে দূরপাল্লার বাস, পণ্যবাহী যানবাহন এবং ছোট-বড় অসংখ্য গাড়ি আটকে পড়ে। যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।সকাল ১০টা পর্যন্ত অবরোধ চলছিল বলে জানা গেছে। খবর লেখা পর্যন্ত ঘটনাস্থলে প্রশাসনের কোনো উচ্চপদস্থ প্রতিনিধি বা জনপ্রতিনিধি পৌঁছাননি বলে বিক্ষোভকারীদের দাবি। তবে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
পানীয় জলের দাবিতে সোনামুড়া-বিলোনিয়া সড়ক অবরোধ, ভোগান্তিতে শতাধিক যাত্রী
