Headlines

ভুল ট্রেনে উঠে দাদুর বাড়ির বদলে ত্রিপুরায়! আমবাসায় উদ্ধার দুই কিশোর

আমবাসা, ২ জুলাই: এক মুহূর্তের অসাবধানতায় দাদুর বাড়ির বদলে সুদূর ত্রিপুরায় পৌঁছে গেল দুই কিশোর। করিমগঞ্জ রেল স্টেশনে ভুল ট্রেনে উঠে পড়ায় তারা এসে পৌঁছায় ধলাই জেলার আমবাসা রেল স্টেশনে। বর্তমানে দুই কিশোরই আমবাসা থানার তত্ত্বাবধানে রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া দুই কিশোরের নাম ইকবাল হোসেন (পিতা: আব্দুর রহমান) এবং দিলওয়ার হোসাইন (পিতা: করিম আলী)। তাদের বাড়ি আসামের বদরপুর এলাকার গুল-এ।জানা যায়, দাদুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল দুই কিশোর। করিমগঞ্জ রেল স্টেশনে ট্রেন পরিবর্তনের সময় ভুলবশত অন্য একটি ট্রেনে উঠে পড়ে তারা। পরে সেই ট্রেন ত্রিপুরার আমবাসা রেল স্টেশনে পৌঁছালে বিষয়টি নজরে আসে। স্থানীয় পুলিশ তাদের নিরাপদে থানায় নিয়ে যায়।বর্তমানে আমবাসা থানার পুলিশ দুই কিশোরের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে শিশুদের একা ভ্রমণে পাঠানোর ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। সামান্য অসাবধানতাও বড় ধরনের বিপদের কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *