শান্তিরবাজার, ২ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা ও বিশুদ্ধ পানীয় জলের সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের গনজি টিলা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বিশেষ করে স্থানীয় মহিলারা সংবাদমাধ্যমের সামনে নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান।স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর আগে বন্যায় এলাকার রাস্তা ক্ষতিগ্রস্ত হলেও এখনও পর্যন্ত তা সংস্কার করা হয়নি। বিষয়টি নিয়ে একাধিকবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পাশাপাশি এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সমস্যাও দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন বাসিন্দারা।বিক্ষুব্ধ মহিলারা জানান, সামাজিক মাধ্যমে এলাকার উন্নয়নের নানা ছবি প্রকাশ করা হলেও বাস্তবে তারা রাস্তা ও পানীয় জলের মতো মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত। তাঁদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কার এবং নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করা হোক।স্থানীয়দের একাংশ এলাকার উন্নয়ন নিয়ে বিধায়কের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তবে এই অভিযোগগুলির বিষয়ে সংশ্লিষ্ট জনপ্রতিনিধির কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।এলাকাবাসী রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
বেহাল রাস্তা, পানীয় জলের সংকট! শান্তিরবাজারে ক্ষোভে ফুঁসলেন মহিলারা
