আগরতলা, ৩ জুলাই: রাজধানীর মলয়নগর বাইপাস সংলগ্ন এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে হঠাৎ আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা ও ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগুন লাগার পরই যুগেন্দ্রনগর বিদ্যুৎ দপ্তরে ফোন করে বিষয়টি জানানো হলেও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে অনেক দেরি করেন। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে আশপাশের একাধিক বাড়িঘর।কী কারণে ট্রান্সফরমারে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মলয়নগর বাইপাসে ট্রান্সফরমারে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেল একাধিক বাড়ি
