উদয়পুর: রবিবার নিয়মিত তল্লাশি অভিযানের সময় উদয়পুর রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে জিআরপি থানার পুলিশ। পরিত্যক্ত তিনটি সন্দেহজনক ব্যাগ থেকে প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার হওয়ায় স্টেশন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও স্টেশন চত্বরে সন্দেহভাজন ব্যাগ ও বস্তু তল্লাশি চলছিল। সেই সময় প্ল্যাটফর্ম এলাকায় পড়ে থাকা তিনটি পরিত্যক্ত ব্যাগ পুলিশের নজরে আসে। ব্যাগগুলিতে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।ঘটনাস্থলে কোনও সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তল্লাশি অভিযান চলতে দেখে মাদক পাচারকারীরা ব্যাগগুলো ফেলে পালিয়ে যায়।ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া গাঁজাগুলি আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করে থানায় নিয়ে যায়।পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল, কারা এই পাচারচক্রের সঙ্গে জড়িত এবং এর পেছনে বৃহত্তর কোনও নেটওয়ার্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্টেশন এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উদয়পুর রেলস্টেশনে ১৫ কেজি গাঁজা উদ্ধার! পরিত্যক্ত তিন ব্যাগ ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ
