Headlines

ধর্মনগরে বিদ্যুৎ দপ্তরের সার্ভার অচল! রিচার্জে ভোগান্তি, অফিসেই লুডু খেলছেন গ্রাহকরা

উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিদ্যুৎ দপ্তরের ডিভিশন-ওয়ান ও ডিভিশন-টু অফিসে প্রায় এক সপ্তাহ ধরে সার্ভার পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। প্রিপেইড বিদ্যুৎ মিটারের রিচার্জ করতে দূর-দূরান্ত থেকে আসা গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে।পুরুষ, মহিলা, প্রবীণ ও শিশু—সব শ্রেণির মানুষ প্রতিদিন বিদ্যুৎ অফিসে ভিড় জমালেও সার্ভার সমস্যার কারণে কোনো পরিষেবা মিলছে না। ফলে বারবার অফিসে এসেও রিচার্জ বা অন্যান্য জরুরি কাজ সম্পন্ন করতে পারছেন না তারা।এ বিষয়ে ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের ডিভিশন-টু-এর ম্যানেজার জানান, সার্ভার সমস্যার সম্পূর্ণ সমাধান হতে আরও চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে।এদিকে তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ সংযোগ ও প্রিপেইড মিটারের রিচার্জ সংক্রান্ত জটিলতায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। বহু গ্রাহকের অভিযোগ, গত দুই-তিন দিন ধরে প্রতিদিন অফিসে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও তারা টাকা জমা দিতে পারছেন না। এতে তাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।সবচেয়ে উদ্বেগজনক দৃশ্য দেখা গেছে বিদ্যুৎ অফিস চত্বরে। দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে অনেক মহিলা গ্রাহক বাড়ির কাজ ফেলে অফিসেই বসে থাকতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ সময় কাটাতে লুডু খেলছেন। এই দৃশ্যই সাধারণ মানুষের দুর্ভোগ এবং পরিষেবা ব্যবস্থার সংকটকে স্পষ্টভাবে তুলে ধরছে।এখন সাধারণ মানুষের একটাই প্রশ্ন—কবে স্বাভাবিক হবে সার্ভার পরিষেবা এবং কবে এই দীর্ঘ ভোগান্তির অবসান ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *