ঊনকোটি জেলা আদালত শ্লীলতাহানি এবং অপহরণের চেষ্টার মামলায় ফয়দুর রহমান নামে এক অভিযুক্তকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানান ঊনকোটি জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর ও আইনজীবী সুনির্মিল দেব। তিনি জানান, অভিযুক্ত ফয়দুর রহমান কৈলাসহরের ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা।অভিযোগ অনুযায়ী, ২০২০ সালে কৈলাসহরের কালিপুর এলাকায় নির্মাণকাজ করার সময় অভিযুক্তের সঙ্গে অভিযোগকারী পরিবারের পরিচয় হয়। পরবর্তীতে তিনি পরিবারের এক সদস্যের মোবাইল নম্বর সংগ্রহ করে দীর্ঘদিন ধরে উত্যক্ত করতে থাকেন। পরে ২০২২ সালের ২৫ মে এক তরুণীকে বাড়ি ফেরার পথে আটকিয়ে অপহরণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘটনার পর কৈলাসহর মহিলা থানায় মামলা দায়ের করা হয়।মামলার তদন্ত করেন সাব-ইনস্পেক্টর শিবানী দেববর্মা। তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়। বিচার চলাকালীন অভিযোগকারী পক্ষের পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করে।পাবলিক প্রসিকিউটর সুনির্মিল দেব জানান, সঠিক তদন্ত, প্রমাণ সংগ্রহ এবং নির্ভুল চার্জশিট দাখিলের ফলেই আদালত এই মামলায় দোষী সাব্যস্ত করার রায় দিয়েছে।
শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টায় দোষী সাব্যস্ত, এক বছরের কারাদণ্ড ফয়দুর রহমানের
