দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের মধ্যের টিলা এলাকার প্রধান সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার সংস্কার না হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় পরিণত হওয়ায় যানবাহন চলাচল এবং পথচারীদের যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।স্থানীয়দের দাবি, এই সড়কটি এলাকার একমাত্র গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। এই পথ দিয়েই শান্তিরবাজার রেলস্টেশন, জেলা হাসপাতাল, কাঞ্চননগরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতে হয়। ফলে প্রতিদিন স্কুল-কলেজের পড়ুয়া, রোগী, কর্মজীবী মানুষ এবং সাধারণ বাসিন্দাদের সীমাহীন ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, অতীতে রাস্তার কিছু অংশে সংস্কারের কাজ হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। সরকারি অর্থ ব্যয় হলেও উন্নয়নের সুফল সাধারণ মানুষ পাননি বলে দাবি তাদের। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা ঠিকাদারি সংস্থার কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।স্থানীয়রা অবিলম্বে টেকসইভাবে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান না হলে বর্ষাকালে দুর্ভোগ আরও বাড়বে। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে রাস্তার উন্নয়ন কাজ শুরু করার দাবি তুলেছেন এলাকাবাসী।
বেহাল মধ্যের টিলা সড়ক, নিত্য দুর্ভোগে হাজারো মানুষ! দ্রুত সংস্কারের দাবিতে সরব এলাকাবাসী
