আগরতলা, ১০ জুলাই: দেশের সেবায় আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার রাধানগর ব্যাটালিয়নে এক গম্ভীর ও মর্যাদাপূর্ণ পুষ্পস্তবক অর্পণ (Wreath Laying) অনুষ্ঠানের আয়োজন করে আসাম রাইফেলস।অনুষ্ঠানে ২৮ আসাম রাইফেলসের রাইফেলম্যান (জিডি) গোবিন্দ সিং-এর আত্মত্যাগকে স্মরণ করা হয়। ১৯৯৬ সালের ১০ জুলাই জম্মু ও কাশ্মীরের মান্দ্রালা এলাকায় জঙ্গি দমনে পরিচালিত এক অভিযানে তিনি অসীম সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠার পরিচয় দিয়ে যুদ্ধরত অবস্থায় গুরুতর আহত হন এবং পরে দেশের সেবায় সর্বোচ্চ আত্মবলিদান দেন।অনুষ্ঠানে ব্যাটালিয়নের সুবেদার মেজর, অ্যাডজুট্যান্ট, সেকেন্ড-ইন-কমান্ড এবং কমান্ড্যান্ট শহিদ জওয়ানের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ব্যাটালিয়নের সকল জওয়ান উপস্থিত ছিলেন এবং শহিদ বীরের প্রতি সম্মান জানিয়ে দুই মিনিট নীরবতা পালন করেন।আসাম রাইফেলস জানিয়েছে, এই স্মরণসভা দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের অবদানকে সম্মান জানানোর পাশাপাশি তাঁদের বীরত্ব, কর্তব্যপরায়ণতা ও আত্মত্যাগের আদর্শকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।’Lest We Forget’— এই বার্তাই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হিসেবে প্রতিধ্বনিত হয়।
‘লেস্ট উই ফরগেট’— রাধানগর ব্যাটালিয়নে শহিদ রাইফেলম্যান গোবিন্দ সিংকে শ্রদ্ধার্ঘ্য
