ফুলবাড়ীকান্দি, ১৩ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে সোমবার ফুলবাড়ীকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা পথ অবরোধে সামিল হন। অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।স্থানীয়দের অভিযোগ, গত প্রায় দুই বছর ধরে রাস্তাটির অবস্থা অত্যন্ত খারাপ। গ্রাম পঞ্চায়েত, ব্লক প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছে একাধিকবার রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।সোমবার সকাল থেকেই বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন। এর ফলে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী, অফিসগামী কর্মী, ব্যবসায়ী এবং নিত্যযাত্রীদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়।আন্দোলনকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও কোনো ফল না পাওয়ায় বাধ্য হয়েই তাঁরা আন্দোলনের পথ বেছে নিয়েছেন। তাঁদের দাবি, দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু এবং প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না।এদিকে, অবরোধের খবর পেয়ে প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা তাঁদের দাবিতে অনড় ছিলেন।
বেহাল রাস্তার প্রতিবাদে ফুলবাড়ীকান্দিতে পথ অবরোধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
