আগরতলা, ১৫ জুলাই: আসন্ন সংসদ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল দ্রুত পাসের দাবিতে আগামী ২১ জুলাই দিল্লির যন্তর মন্তরে বৃহত্তর কর্মসূচির ডাক দিয়েছে সর্বভারতীয় মহিলা কংগ্রেস। এই কর্মসূচিতে অংশ নিতে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল দিল্লি যাবে।বুধবার আগরতলায় প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী।তিনি জানান, দেশের অর্ধেক জনগোষ্ঠীর রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মহিলা সংরক্ষণ বিল দ্রুত কার্যকর করা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই কেন্দ্রের বিজেপি সরকারের কাছে অবিলম্বে বিলটি সংসদে পাস করার দাবি জানিয়ে সর্বভারতীয় মহিলা কংগ্রেস দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছে।সর্বাণী ঘোষ চক্রবর্তী আরও বলেন, ত্রিপুরা থেকেও মহিলা কংগ্রেসের প্রতিনিধিরা এই আন্দোলনে সামিল হয়ে নারী প্রতিনিধিত্বের দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরবেন। তাঁর দাবি, শুধু বিল পাস করাই নয়, দ্রুত তা কার্যকর করার জন্যও কেন্দ্র সরকারকে উদ্যোগী হতে হবে।প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লির এই কর্মসূচিতে দেশের বিভিন্ন রাজ্য থেকে মহিলা কংগ্রেসের নেত্রী ও কর্মীরা অংশ নেবেন। তাঁদের মূল দাবি, সংসদের আসন্ন অধিবেশনেই মহিলা সংরক্ষণ বিল পাস করে কার্যকর করার বিষয়ে কেন্দ্র সরকার স্পষ্ট পদক্ষেপ গ্রহণ করুক।
মহিলা সংরক্ষণ বিল পাসের দাবিতে দিল্লিতে কংগ্রেসের মহাসমাবেশ, ত্রিপুরা থেকে যাবে ১৫ সদস্যের প্রতিনিধি দল
