শান্তিরবাজার, ১৫ জুলাই: রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষের মাধ্যমে মানুষকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে বগাফা মৎস্য দপ্তরের উদ্যোগে শান্তিরবাজার পৌর পরিষদ এলাকায় ২৬ জন নির্বাচিত উপভোক্তার হাতে মাছের রেণু (পোনা) বিতরণ করা হয়েছে।বুধবার শান্তিরবাজার পৌর পরিষদের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় নির্বাচিত উপভোক্তাদের হাতে মাছের রেণু তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারপার্সন সপ্না বৈদ্য, কাউন্সিলর নেপাল চন্দ্র দাস, রাকেশ দাস, বগাফা মৎস্য দপ্তরের ফিশারিজ অফিসার তানিক দাস, ফিশারিজ অ্যাসিস্ট্যান্ট পরিমল দেবনাথ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে বগাফা মৎস্য দপ্তরের ফিশারিজ অফিসার তানিক দাস জানান, রাজ্য সরকারের লক্ষ্য মৎস্যচাষকে আরও লাভজনক করে তোলা এবং চাষিদের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। সেই উদ্দেশ্যেই নিয়মিতভাবে মৎস্যচাষিদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে।তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে উপভোক্তারা মাছের উৎপাদন বাড়িয়ে অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন এবং রাজ্যের মৎস্য উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।মৎস্য দপ্তরের এই উদ্যোগকে ঘিরে উপভোক্তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তাঁরা সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানান।
মৎস্যচাষে স্বনির্ভরতার লক্ষ্যে শান্তিরবাজারে ২৬ উপভোক্তার হাতে মাছের রেণু বিতরণ
