আগরতলা, নিজস্ব প্রতিনিধি:১৮ সূর্যমণিনগর বিধানসভা এলাকায় সংগঠনকে আরও স্বচ্ছ, শৃঙ্খলাবদ্ধ ও আদর্শভিত্তিক করে তুলতে দুর্নীতি, অবৈধ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই উদ্যোগের কথা জানিয়েছেন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল।বিধায়কের বক্তব্য অনুযায়ী, এটি শুধু একটি মণ্ডলের উদ্যোগ নয়, বরং সমগ্র ত্রিপুরায় সংগঠনের শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার একটি বার্তা। তিনি বলেন, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কোনো কর্মকাণ্ড বা তার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।তিনি আরও বলেন, প্রতিটি মণ্ডলে একই ধরনের শৃঙ্খলাবিধি কার্যকর করা হলে সংগঠন আরও শক্তিশালী ও জনমুখী হয়ে উঠবে। দুর্নীতি ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের মাধ্যমে সাংগঠনিক মর্যাদা অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।বিধায়ক রামপ্রসাদ পালের আহ্বান, “শৃঙ্খলাই সংগঠনের শক্তি, আর স্বচ্ছ সংগঠনই শক্তিশালী সংগঠন।” তাঁর মতে, আজ সূচনা হলেও আগামী দিনে এই উদ্যোগ রাজ্যের প্রতিটি সাংগঠনিক স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা, সূর্যমণিনগর থেকে বার্তা দিলেন বিধায়ক রামপ্রসাদ পাল
