Headlines

সাত বছরেও তৈরি হয়নি সেতু, যাতায়াতে দুর্ভোগে জোলাইবাড়ীর চরনপাই এলাকার বাসিন্দারা

জোলাইবাড়ী, নিজস্ব প্রতিনিধি:দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের চরনপাই এলাকায় দীর্ঘ সাত বছর ধরে একটি সেতুর অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বারবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত সেতু নির্মাণের কোনো উদ্যোগ বাস্তবায়িত হয়নি।স্থানীয়দের দাবি, সেতু না থাকায় প্রতিদিন বাজার, স্কুল, হাসপাতাল এবং অন্যান্য জরুরি কাজে যাতায়াত করতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগ আরও বেড়ে যায়।এলাকাবাসীর অভিযোগ, জোলাইবাড়ী বিধানসভা নির্বাচনের আগে উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অনেকটাই এখনও বাস্তবায়িত হয়নি। তাঁদের বক্তব্য, চরনপাই এলাকায় একটি সেতু নির্মাণ হলে হাজার হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান হবে।স্থানীয়রা আরও জানান, প্রস্তাবিত সেতুর এক পাশে রয়েছে মুহুরীপুর আর.এফ. পঞ্চায়েত এলাকা এবং অন্য পাশে কলসীরমুখ এডিসি ভিলেজ। দুই প্রশাসনিক এলাকার সংযোগস্থলে হওয়ায় প্রকল্পটি বাস্তবায়নে অনীহা রয়েছে বলে তাঁদের অভিযোগ।এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের মাধ্যমে রাজ্য সরকারের কাছে দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর বা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। স্থানীয়দের আশা, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *