আসাম-আগরতলা জাতীয় সড়ক (NH-08)-এর নির্মীয়মাণ চার লেন প্রকল্পের কাজ চলাকালীন চম্পকনগরের জম্পুই চৌমুহনী এলাকায় বেহাল রাস্তার কারণে প্রায় আট ঘণ্টা ধরে একটি লরি আটকে পড়ে। এর জেরে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন হাজারো সাধারণ মানুষ।স্থানীয় সূত্রে জানা যায়, লরিটি কাদাযুক্ত ও বেহাল রাস্তার অংশে আটকে যাওয়ার পর একের পর এক যানবাহন দাঁড়িয়ে পড়ে। ফলে সড়কের উভয় পাশে কয়েকশো গাড়ি আটকে যায়। দীর্ঘ সময় যান চলাচল কার্যত ব্যাহত থাকায় যাত্রী, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি পরিষেবার গাড়িও সমস্যার মুখে পড়ে বলে অভিযোগ।ঘটনাস্থলে আটকে পড়া চালক ও যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে চার লেনের নির্মাণকাজ ধীরগতিতে চলায় সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত রাস্তার সংস্কার ও যান চলাচল স্বাভাবিক করার দাবি জানান তারা।লরি চালক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, রাস্তার বেহাল অবস্থার কারণেই গাড়িটি আটকে পড়ে এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।স্থানীয়দের অভিযোগ, আসাম-আগরতলা জাতীয় সড়কের চার লেন নির্মাণকাজ কচ্ছপ গতিতে এগোনোর ফলেই বারবার এমন দুর্ভোগ তৈরি হচ্ছে। দ্রুত প্রকল্পের কাজ শেষ করে স্থায়ী সমাধানের দাবি তুলেছেন এলাকাবাসী ও নিয়মিত যাতায়াতকারী মানুষ।
চম্পকনগরে ৮ ঘণ্টা লরি আটকে মহাজ্যাম! জাতীয় সড়কে নাকাল হাজারো মানুষ
