Headlines

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিলোনিয়ায় কংগ্রেসের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

ডাক্তারি ভর্তির সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শনিবার দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করল জেলা কংগ্রেস ও দক্ষিণ জেলা যুব কংগ্রেস। এদিন কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে বিলোনিয়া শহর।দুপুরে বিলোনিয়া কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা দেবাশ্রুতি মজুমদার, জেলা যুব কংগ্রেসের সভাপতি অজিতাভ মজুমদার, বিলোনিয়া ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার, কংগ্রেস ওবিসি সেলের সভাপতি গৌতম দেবনাথ-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।বিক্ষোভকারীদের অভিযোগ, ডাক্তারি ভর্তির সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস দেশের শিক্ষা ব্যবস্থার ওপর বড় আঘাত এবং ছাত্র-যুব ও অভিভাবকদের সঙ্গে প্রতারণার সামিল। একই সঙ্গে আন্দোলনকারীদের ওপর সরকারি দমননীতিরও তীব্র সমালোচনা করেন তাঁরা।শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা শেষে বিলোনিয়া এক নম্বর টিলা এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।কংগ্রেসের দাবি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ঘটনার নৈতিক দায় স্বীকার করে সংশ্লিষ্ট মন্ত্রীদের পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করে দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *