নিজস্ব প্রতিনিধি | শান্তিরবাজার | ২৭ জুলাইদক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সকালে নিজ ঘরের ভেতর থেকে টুটন সাহা (প্রায় ৪০)-র মৃতদেহ উদ্ধার হয়।পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে প্রতিদিনের মতো বাজার থেকে ফিরে নিজের ঘরে ঘুমাতে যান টুটন সাহা। কিন্তু সোমবার সকাল প্রায় ৮টা পর্যন্ত ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে বিকল্প দরজা দিয়ে ঘরে প্রবেশ করে তাঁরা টুটন সাহাকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাঁকে পরীক্ষা করে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।স্থানীয়দের দাবি, টুটনের একবার বিয়ে হয়েছিল, তবে তাঁর স্ত্রী আগেই মারা গিয়েছেন। পরিবারের সদস্যদের বক্তব্য, কারও সঙ্গে তাঁর কোনো পারিবারিক বা ব্যক্তিগত বিরোধের কথা তাঁদের জানা নেই।খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, এটি স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষ হওয়ার পরই নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।এই ঘটনায় গোটা লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
ঘরের ভেতর থেকে যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার, শোকের ছায়া লাউগাং বড়ুয়া পাড়ায়
