Headlines

১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল, এসডিএম-এর কাছে স্মারকলিপি তপশিলী জাতি সমন্বয় সমিতির

নিজস্ব প্রতিনিধি | ধর্মনগর | ২৭ জুলাইবিভিন্ন সামাজিক, শিক্ষাগত ও অর্থনৈতিক দাবি সামনে রেখে ধর্মনগরে বিক্ষোভ মিছিল ও গণ-ডেপুটেশন কর্মসূচি পালন করল ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি। সোমবার সংগঠনের ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে সিপিআই(এম)-এর মহকুমা দপ্তরের সামনে থেকে একটি সুসজ্জিত মিছিল বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে মহকুমা শাসক (এসডিএম)-এর কার্যালয়ে পৌঁছায়।পরে সংগঠনের একটি প্রতিনিধি দল এসডিএম-এর কাছে ১০ দফা দাবিসংবলিত স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে তপশিলী জাতিসহ সাধারণ মানুষের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে—অবিলম্বে জাতভিত্তিক জনগণনা, ত্রিপুরায় লোকসভার আসন বৃদ্ধি করে তপশিলী সম্প্রদায়ের জন্য সংরক্ষণ নিশ্চিত করা, সম্পূর্ণ সরকারি খরচে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা প্রদান, তপশিলী ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ড বৃদ্ধি এবং আয়ের ঊর্ধ্বসীমা প্রত্যাহার।এছাড়াও সমস্ত সরকারি ও আধা-সরকারি দপ্তরের শূন্যপদ দ্রুত পূরণ, বেসরকারি ক্ষেত্রেও সংরক্ষণ চালু, রেগা ও টুয়েপ প্রকল্পে বছরে ২০০ দিনের কাজ এবং দৈনিক ₹৫০০ মজুরি নির্ধারণের দাবি জানানো হয়।সংগঠনের পক্ষ থেকে আরও দাবি করা হয়, কৃষক, মৎস্যজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ₹৫ লক্ষ পর্যন্ত ঋণ মুকুব, ভূমিহীনদের জমি ও পাকা বাড়ির জন্য ন্যূনতম ₹৫ লক্ষ অনুদান, সামাজিক ভাতা ₹৫,০০০ করা, প্রতি পরিবারকে ১০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ এবং মাথাপিছু ১০ কেজি বিনামূল্যে চাল প্রদান।স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উজ্জ্বলা দাস, সীতেশ রঞ্জন দাস, নিরঞ্জন মল্লিক, অশোক দাস, গৌরাঙ্গ দাস এবং সংগঠনের মহকুমা সম্পাদক তাপস সরকার।সংগঠনের নেতৃত্ব জানিয়েছেন, উত্থাপিত দাবিগুলির বিষয়ে প্রশাসন দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে নামবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *